এনএসইউ-তে ৪আইআর ল্যাব স্থাপনের আশ্বাস দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

১৭ মার্চ, ২০২৩ ০১:০২  

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের তত্ত্বাবধানে ওয়েপের সঙ্গে যৌথ অংশীদারিত্বে চলতি বছরেই সেন্টার ফর ফোরআইআর স্থাপিত হতে যাচ্ছে বাংলাদেশে। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার হিসেবে ৪আইআর ল্যাব স্থাপনের প্রস্তাব দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে অনুষ্ঠিত ৪আইআর স্কিল সামিটের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসঙ্গে উদ্ভাবনী প্রকল্প ও প্রোটোটাইপ জমা দিতেও বিশ্ববিদ্যালয়টির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রদিমন্ত্রী বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবে টেকনলোজি, বায়োলজি ও সাইকোলজিতে প্রতিদিনই ব্যাপক পরিবর্তন হচ্ছে। নতুন নতুন উদ্ভাবনী সেবা আসছে। গত কয়েকদিন ধরে আমি নিয়মিত ওপেন এআই চ্যাটজিপিটি ব্যবহার করছি। এতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে মৌলিক প্রাত্যহিক কাজগুলো রোবট কিংবা এআই করে দেবে। এই পরিবর্তনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে আমাদের ফ্রন্টিয়ার প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। এগুলো ব্যবহারে নিজেদের মানিয়ে নিতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যায় ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতু বন্ধন রচনায় প্রধানমন্ত্রীর মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে আমরা ইনোভেশন ডিজাইন অন্টাপ্রেনর একাডেমি স্থাপন করেছি। শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী অনুদান দিচ্ছি। এরই মধ্যে ৩৮২টি স্টার্টআপকে অর্থায়ন করা হয়েছে। এভাবেই বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী উদ্যোক্তা হতে চায় তাদের সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আইসিটি বিভাগ।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল স্কুলের ডিন অধ্যাপক ডক্টর জাবেদ বারী।